Wednesday, June 22, 2016

আলগাড়া
----------
কুশল ভট্টাচার্য
আবার ঘুমের উঁচু রাস্তা কিনে আনি,
নিচু জমি থেকে শেওলা সবুজ পাইনেরা,
হাতছানি দিয়ে ডাকে ,
দিনভর ফিসফিসে স্বপ্নদোষে ,
আলগাড়া জেগে থাকে, মেঘে থাকে,
আলগারা কাঠের শহর, আর কুয়াশার ।

তিনটি কৌতুহলী যুবক সফেদ মেঘ,
শিস দিয়ে হেঁটে যায় পাকদন্ডি ঘুরে ,
ওরা ঠিক অবিকল লামা সঙ্গীতের সুরে,
পাশ ফিরে রাস্তার চড়াইতে ওঠে ।
অর্কিড বাগান থেকে আচম্বিতে ভেসে আসে জল,
আলগারা শীতের শহর , আর বর্ষার ।

তন্দ্রার এপাড়া থেকে ঘুমের ওপাড়া ঠিক,
আধঘন্টাটাক হবে, মেঘ ছুঁয়ে, মেঘ কেটে ,
মেঘ ছেনে ঐখানে পৌছবে , পাহাড়ি বাদামী গাল ,
গালে লাল শ্রমে রাঙ্গা ছোপ ,
ওদের বাড়িতে আজ ভাত শুধু, অবেলায় আরো কিছু হোক !
আলগারা খিদের শহর, না খাওয়ার ।


মাঝরাতে একলা পাহাড়ে , ডাক বাংলোর নীল্ খামে ,
চৌকিদারের ঘরে বাতি জ্বলে, তবে টিমটিমে
অতল গভীর থেকে উঠে আসে গুমগুম ডাক
এবার আগুন জ্বালো, ঘন হয়ে আজ শোয়া যাক ।

...............................

মাঝরাতে ঘুমের পাহাড়ে , ধস নামে,
আলগারা ঘুমের শহর, ঘুমোবে এখন শুধু, মাটির নরম আরামে ।

No comments: