Wednesday, June 22, 2016

অনেক ক্ষণ বসে দুজনে আজ বৃষ্টি দেখলাম ,
ও আমায় দেখালো, সামনের বিদ্যুতের তারে ,ঝুলন্ত হিরেকুচির মত বিন্দু বিন্দু জল ,
ওরা আলাদা আলাদাই ছিল , পৃথকান্ন ,
তবুও হঠাত যখন মিলে যাওয়া, হঠাত যখন জুড়ে গিয়ে ,
খসে পরা আলগোছে টুপ, মৃত তারার মতন ,
তাকেই তো মরে যাওয়া বলে ।

আমি ভাবছিলাম বিদ্যুতের কথা ,
খোলা তারে জলের ফোঁটা লেগে ,
এ জল তো আগুন ও ডেকে দিতে পারে ।আমার কথা শুনবে কে ?
ও ততক্ষণে ,মহা আনন্দে ভাসিয়ে দিল একটা একটা করে ,কাগজের নৌকো ,
আদরের নৌকোগুলো ,
বলে কিনা , সাগরে দেখা হবে ।

আমি ভাবছিলাম ঘাটের কথা ,
কাঁচা মাটির পাড় আর মুসলমান পাড়ার গরিব বাড়ি গুলো ,
গত বর্ষায় ভেসেছিল ওরা সব ,এবার যদি ভাসিয়ে নিয়ে যায়
তুফানি এই তুলকালামে !আমার কথা শুনছে কে ?
পাগলি তখন আঁচল ভরে , জল মাপছে ,
পাগলি তখন আধ ডোবা খাল, শালুক বিলে ,জল সইছে ,
পাগলি আমার নয়ন সুখে ,গান গাইছে ।


আমার এখন বয়েস হলো ,
ভাসান বেলায় এসব কথা ,
মুখের রেখায় , রেকাব রাখি ,
বৃষ্টি আমার সঙ্গে আজও,খামখেয়ালে চালায় চিঠি ,
বৃষ্টি বাদল আমরা দুজন , আধে আধে ভিগ রাহে থি ।"

No comments: