Wednesday, June 22, 2016

স্বাদ লেগে আছে
--------------------
কুশল ভট্টাচার্য

আজকাল শেষ রাত্তিরের ঘুমে ,
স্বপ্ন আসে, স্বপ্ন ভেঙ্গে
জিভে জিলিপির স্বাদ পাই ,
রস লেগে থাকে চিটচিটে।
চোখ বুজলে ফিরে যাই গঙ্গার ধারে ,
আবার মেঘলা ভোরে বাজার সেরে ফিরি
সেই যে নৈহাটির বাড়ি,
আমি আর বাবা খুব কম পাওয়ারের আলো জ্বলা,
গলি দিয়ে হেঁটে ফিরতাম , বাজার, দুধের ডিপো,
রেশন দোকানে সস্তার গ্লুকোস বিস্কিট কিনতাম,
দু চার প্যাকেট ,
সকালের জলখাবারে জিলিপিটা জুটে যেত এক্সট্রা ,
চায়ের সাথে মুড়ি খেতে খেতে বাবা ,
আমাদের দু ভাইবোনের আলো জ্বলা মুখটাও ,
খুব তারিয়ে তারিয়ে খেত ,
আমরা খেতাম জিলিপি ।


সেইসব, ঝড় বৃষ্টির
অবাধ্য কেরোসিন সন্ধ্যে গুলো মনে পড়ে,
জ্বর এ পুড়ছে গা, আর মাথার কাছে একটানা বসে,
জল মুছিয়ে দিচ্ছে গরম দুটো হাত ,
পাশের ঘরে জনতায় শো শো ফুটছে ভাত,
আর বিড়বিড় করছে মায়ের ঠোঁটদুটো ,
কি একটা মন্ত্র একটানা ব্যথার মলমের মত
ছড়িয়ে পরছে কপাল জুড়ে ,সমস্ত কপাল আর রাত
পেরোলে পরদিন জ্বর ছাড়লে সাদা রুটি
আর কালোজিরে দিয়ে আলুর তরকারী একটু একটু
করে খেতাম আর খেত উঠোনের কাক ,
সেসব টুথপেস্টের মত পিপারমেন্ট দিন,
সিপিয়া রঙের রংচটা উঠোন দিন, নৈহাটির বাড়ির একটেরে আগাছা ,
ভরা বাড়িটা চোখে ভাসে.
শেষ রাত্তিরের ঘুমে, স্বপ্ন আসে ,
আবার ও কুয়োতলায় দাঁড়াই ভিতু বালক,
মা বলেছে খারাপ স্বপ্ন দেখলে , প্রথমে
জলের কাছে বলতে হয় ।

No comments: