Wednesday, June 22, 2016

কিশোরী আমনকার



হঠাত এলি ! এলিই যখন
বৃষ্টি  তোকে জাপটে রাখি,
আটকে রাখি ,সাপটে রাখি,
চুল থেকে নখ আদ্যোপান্ত।

মেঘ ছাঁকা মন, ধারা শ্রাবণ
হঠাত পাওয়া হল্লা হাওয়ায়,
ভিজতে ভিজতে অনেকটা দিন,
ভেজার সাথী ছাড়াই এলাম ।

ছাতা ? ওদের দিলাম ছুটি ,
এক আকাশেই ভিজব বলে ,
পার্ক স্ট্রিট না ভিক্টোরিয়া,
সবুজ পাব কোথায় গেলে ?

সবুজ পাওয়া ট্রামের বিকেল,
জুলাই মাসের ডিলান সুরে,
শ্রাবণ আজও হাতের পাতায়,
কয়েক পশলা আদর করে ।


হাতের পাতায়, কানের পাশে,
কিম্বা হঠাত একলা গলি
বন্ধ কেবিন, সাবেক দুপুর,
রেইনি ডে আজ, ছুটি পেলি ?

আদর করিস, ভালোবাসিস ?
কিম্বা নিছক মনটি রাখা ?
বৃষ্টি রে তোর প্যাস্টেল গ্রে ,
রঙেই আমার পদ্য আঁকা ।

এই যে এলি, হঠাত উপুড়,
খাটের ওপর একসা ভিজে,
মল্লারে শোন, বাজছে কেমন,

আমনকারের কিশোরী সে ।

No comments: